চাঁদপুর প্রতিনিধি: শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুঝুঁকি হ্রাস এবং রাতকানা রোগ প্রতিরোধে চাঁদপুর জেলায় এবার ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
তিনি জানান, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন বলেন, শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি। এতে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, জেলার আট উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৩৩২টি কেন্দ্রে বিরতিহীনভাবে এ কার্যক্রম পরিচালিত হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শতভাগ সাফল্যের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্য দেন। সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত এবং সাংবাদিক আলম পলাশ ও ফারুক আহমেদ।
এ সময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন