| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৯:৩০:৫৮:অপরাহ্ন  |  ৩২০ বার পঠিত
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারেক আল মেহেদী জানান, সম্প্রতি আওয়ামী লীগের ব্যানারে হওয়া ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অন্তত ১০টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, শহরের সৈয়দপুর, সোনারগাঁ ও কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও সংগঠনটির কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।

অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচির প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন এবং শহরের প্রধান সড়কে মিছিল করতে দেখা গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪