| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোটরসাইকেলের ইঞ্জিনে ৭ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২০:৫২:৪১:অপরাহ্ন  |  ৫০৪ বার পঠিত
মোটরসাইকেলের ইঞ্জিনে ৭ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে ৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও একই গ্রামের মো. সজীব (২৪)।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় সুজন বর্মনের ‘মা মোটরসাইকেল সার্ভিসিং’ দোকানের দক্ষিণ পাশে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় একটি মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মোটরসাইকেলটি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবাসহ জব্দকৃত আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে। ‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’—এই বার্তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকার মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিলে গোপনীয়তা রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪