| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফা প্রটোকল ভেঙে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৭:০৮:৫৩:পূর্বাহ্ন  |  ৯৭৪৬৪৩ বার পঠিত
ফিফা প্রটোকল ভেঙে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এক অনন্য দৃশ্য দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রটোকল ভেঙে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে ট্রফি প্রদানের এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্বয়ং ইনফান্তিনো এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ফাইনাল উপভোগ করতে এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দিতে আমরা প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে থাকব, অবশ্যই একসঙ্গে। আমরা সবসময় একসঙ্গে থাকি।

নিয়ম অনুযায়ী, সাধারণত ফিফা প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। যদিও অতীতে বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের ট্রফি প্রদানের নজির রয়েছে। ১৯৮২ সালে স্পেনের রাজা হুয়ান কার্লোস এবং ১৯৬৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ বিজয়ী দলের অধিনায়কদের হাতে শিরোপা তুলে দিয়েছিলেন। 

তবে সাম্প্রতিক সময়ে ফিফা প্রেসিডেন্টরাই এই দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারের আগের দুটি আসরে ফিফা প্রেসিডেন্ট বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। ইনফান্তিনোর আগে সেপ ব্লাটারও একই কাজ করেছেন। তাই এবারের প্রথা ভাঙার সিদ্ধান্তটি ফুটবল মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এর আগেও গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সিতে চেলসি ও পিএসজির মধ্যকার ম্যাচে ট্রাম্প উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে চেলসির শিরোপা উদযাপন মঞ্চেও তাকে দেখা গিয়েছিল। পরবর্তীতে ক্লাব বিশ্বকাপের সেই ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা) হোয়াইট হাউসের ওভাল অফিসেও দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে প্রেসিডেন্ট ট্রাম্পকে উপস্থিত থাকতে দেখা যায়নি। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের সময় ইনফান্তিনো কর্তৃক ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান নিয়েও সে সময় বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার ফাইনাল মঞ্চে যৌথভাবে ট্রফি প্রদানের সিদ্ধান্তের মাধ্যমে এই বিতর্ক নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪