| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের ছাদ

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৭:১৬:৩৫:অপরাহ্ন  |  ১২৩৪ বার পঠিত
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের ছাদ

মেহেরপুর প্রতিনিধি: পিইডিপি-৪ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াশব্লকের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ছাদের একটি অংশ ধসে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৬ লাখ ৮৮ হাজার ১৩৪ টাকা ব্যয়ে বিদ্যালয়টিতে ওয়াশব্লক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় চুয়াডাঙ্গার ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই নিম্নমানের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি সিডিউল অনুযায়ী কাজ নিশ্চিত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে ছাদ ঢালাইয়ের পর এর একটি অংশ ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান টিটু আহমেদ ও জিয়াউর রহমান বলেন, শুরু থেকেই নিম্নমানের ইট ও স্থানীয় বালু ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি প্রধান শিক্ষক ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হলেও তারা গুরুত্ব দেননি। এমনকি ছুটির দিনেও কাজ চললেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো তদারকি দেখা যায়নি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই যদি ছাদ ধসে পড়ে, তাহলে ভবিষ্যতে পুরো ওয়াশব্লক ঝুঁকিপূর্ণ হয়ে শিশু শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপালী খাতুন নিজেকে দায়মুক্ত দাবি করে বলেন, নিম্নমানের কাজের বিষয়টি তিনি মৌখিকভাবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে জানিয়েছেন। তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ছাদের সেন্টারিং খোলার সময় এর একটি অংশ ধসে পড়েছে। তিনি বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, ছাদ ঢালাইয়ের আগে সংশ্লিষ্ট অফিসকে অবহিত করার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করেনি। এ কারণে এমন ঘটনা ঘটেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে ওয়াশব্লকের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪