| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৭:৫৫:৩৩:অপরাহ্ন  |  ১৪১২ বার পঠিত
মানিকগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার চলমান খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) দুপুরে শিবালয় উপজেলার কাসাদহ খালের খননকাজ পরিদর্শন করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। পরে তিনি খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, সরকারের জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে খাল পুনঃখনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধার সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।

এদিকে পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পার্শ্ববর্তী দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সারাদেশে খাল পুনঃখনন কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ব্যাপক পরিসরে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খালগুলোতে পানি সংরক্ষণ, মাছ চাষ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সৃষ্টির লক্ষ্য রয়েছে।

খাল খননে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরে মন্ত্রীদ্বয় দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খালের খননকাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪