ঝিনাইদহ প্রতিনিধি: সমাজে কুরআন চর্চা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘কুরআন পাঠ আন্দোলন’-এর আহ্বায়ক আবু সাঈদ খাঁন।
বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক ও মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের প্রতিনিধি এম রায়হান, সহ-সভাপতি ও দেশ রূপান্তর এবং চ্যানেল নাইনের প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, সহ-সম্পাদক ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আমাদের সময়ের প্রতিনিধি নীরব আহমেদ, সবুজ বাংলা টিভির পরিচালক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, সবুজ বাংলা টিভির জেলা প্রতিনিধি শাহানজিদ উদ্দিন সোহানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎকালে কুরআন পাঠ আন্দোলনের বিভিন্ন কার্যক্রম, সমাজে কুরআন অধ্যয়নের গুরুত্ব এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় আবু সাঈদ খাঁন বলেন, মুসলমানদের জন্য কুরআন শুধু তিলাওয়াতের গ্রন্থ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ মাতৃভাষায় কুরআনের অর্থ ও ব্যাখ্যা অধ্যয়ন করে মহান আল্লাহ তাআলার নির্দেশনা জানা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা।
তিনি আরও বলেন, কুরআনের শিক্ষাকে দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, একজন মুসলমান হিসেবে কুরআনের শিক্ষা সম্পর্কে জানা ও তা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন পাঠ আন্দোলনের মতো উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা অর্জনে উৎসাহিত করবে।
সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রমের সফলতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন