নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিদেশি নাগরিকদের নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের ঢাকায় ডেকে এনে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাইসেন্স করা অস্ত্র লুটের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
তিনি জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক চারটি ঘটনায় চার ভুক্তভোগীকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে আনা হয়। পরে চক্রের সদস্যরা তাদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে তাদের নামে বৈধভাবে লাইসেন্স করা অস্ত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রয়াত আ. রাজ্জাক মোল্লার ছেলে নাসিম উদ্দিন মোল্লা (৩০), মাগুরা জেলার মুহাম্মদপুর উপজেলার আব্দুল আলীম মোল্লার ছেলে রমজান আলী (৩১), একই উপজেলার সাত্তার মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩২) এবং রজব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩১)।
তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শটগান, ৩৮ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নম্বর প্লেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জেলা থেকে অস্ত্রধারী ব্যক্তিদের টার্গেট করত। বিদেশি নাগরিকদের নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ঢাকায় এনে অস্ত্র ছিনিয়ে নেওয়া হতো।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং অস্ত্র লুটের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন