| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ২১:২১:৩২:অপরাহ্ন  |  ১৪৯৯ বার পঠিত
শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাজারের পেরিফেরি এলাকায় নির্মিত সরকারি শেডের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় ভুরুলিয়া ইউনিয়ন সুশীল সমাজ ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এবং চালিতাঘাটা প্রভাতী সংঘের সার্বিক সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুরুলিয়া বাজার কমিটির সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মহাসিন রেজার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রাজু আহমেদ আজু, প্রভাতী সংঘের সভাপতি আব্দুল আজিম বকুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর, কোষাধ্যক্ষ আশরাফুল আলম এবং প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিথুসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, চালিতাঘাটা বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারি অর্থায়নে নির্মিত শেডটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি মো. হোসেন আলী নামে এক ব্যবসায়ী ‘মিম অ্যান্ড জিম এন্টারপ্রাইজ’ এবং মো. মহিবুল্লাহ নামে অপর এক ব্যবসায়ী ‘মহিবুল্লাহ স্টোর’ নামে সাইনবোর্ড টানিয়ে শেডটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ওই সাইনবোর্ডগুলো অপসারণ করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ ব্যবসায়ীরা এই শেডে ব্যবসা পরিচালনা করে আসছেন। গুটিকয়েক ব্যক্তির সুবিধার্থে শেডটি ইজারা দেওয়ায় প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অবিলম্বে এই ইজারা বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধনে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলেন, বাজারের এই শেডে দীর্ঘদিন ধরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। শেডটির উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অবস্থায় হঠাৎ শেডটি ইজারা দেওয়ায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে ইজারা বাতিলের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী বলেন, জনস্বার্থবিরোধী এই ইজারা বাতিল করা উচিত। তিনি এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইজারা বাতিল না হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অভিযুক্ত মহিবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের তৎকালীন নায়েব রেজাউল ইসলাম বলেন, তিনি কোনো হাট বা বাজার ইজারা দেননি এবং দেওয়ার আইনগত সুযোগও নেই। জেলা প্রশাসক অনুমোদিত চান্দিনা ভিটা ইজারা দেওয়া যেতে পারে। তবে ইজারাগ্রহীতা অন্য জায়গায় সাইনবোর্ড স্থাপন করলে তা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪