ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে প্রথম কিস্তিতে ৪৩ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূল জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে চলেছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সরকারের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টনের নির্দেশনা রয়েছে। আমরা সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ হরিণাকুণ্ডু গড়ে তুলব।
তিনি আরও বলেন, যুব ও তরুণ সমাজের একটি অংশ মাদকের ভয়াবহ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/এসএন