নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সাফল্যই দেশের উন্নয়নের ভিত্তি। অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। তিনি পরীক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী থেকে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ রহমত আলী মোল্লার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, শিক্ষানুরাগী মো. হারুন-অর-রশিদ, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, সমাজসেবক বোরহান উদ্দিন, বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক তানহা হোসেন নিপা এবং যুবদল নেতা মোহাম্মদ মাহালম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে এবং তাদের শিক্ষাজীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি