ঝিনাইদহ প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই আমরা ব্যর্থ হব না। দেশকে নতুন করে ঢেলে সাজিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেসব খাতকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে। ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি রক্ষা ও বিকাশে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার। সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রাপালা চালুর উদ্যোগের কথা জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, অতীতের অশ্লীল যাত্রা সংস্কৃতির পরিবর্তে জীবনমুখী, শিক্ষামূলক ও সমাজসচেতনতামূলক যাত্রাপালা মঞ্চায়নের ব্যবস্থা করা হবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় ঝিনাইদহের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন, শিল্প-সাহিত্যের বিকাশ এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
রিপোর্টার্স/এসএন