বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক সাহাব উদ্দিন সরদার যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গদখালী বাজার এলাকায় একটি মোটরসাইকেলের আরোহীকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পরীক্ষায় খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তিনি আরও জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ মিতু