| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ০৫:৩৯:৪০:পূর্বাহ্ন  |  ৪৫১ বার পঠিত
ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এর আগে ভারতের বিপক্ষে ১১টি ম্যাচ খেলেও জয় পায়নি আয়ারল্যান্ড। অবশেষে ঘরের মাঠে সেই অপেক্ষার অবসান ঘটল। ম্যাচ শেষে আইরিশ ক্রিকেটারদের উচ্ছ্বসিত উদযাপন ছিল ঐতিহাসিক এই জয়েরই প্রতিচ্ছবি।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। তবে এক প্রান্তে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

অভিষেক ২০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে আউট হন। অষ্টম ওভারের শেষ বলে লিয়াম ম্যাকার্থির বলে বেন ক্যালিটজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তখন ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৮০ রান।

অভিষেকের আগে সঞ্জু স্যামসন (৫), ইশান কিষাণ (১) ও অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ খেলতে নামা শ্রেয়াস আইয়ার (৩) ব্যর্থ হন। পরে তিলক ভার্মা ১৯ ও ওয়াশিংটন সুন্দর ৯ রান করে ফিরে গেলে চাপে পড়ে ভারত।

১২ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১০০ রান। এরপর অক্ষর প্যাটেল ও শিবম দুবে ২৪ বলে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ১৬তম ওভারের শেষ বলে শিবম দুবেকে (২৫) কট অ্যান্ড বোল্ড করে সেই জুটি ভাঙেন বাঁহাতি পেসার জয় মুন্দ্রা।

দুবের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। শেষ চার উইকেট মাত্র ১৩ রানে হারিয়ে ১৮.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

আয়ারল্যান্ডের হয়ে ম্যাট হোলার্ড ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সমান তিনটি উইকেট নেন ম্যাথিউ হামফ্রিসও। তিনি ৩.৫ ওভারে ২৮ রান দেন এবং আর্শদীপ সিংকে ফিরিয়ে ভারতের ইনিংসের সমাপ্তি টানেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক লরকান টাকার। ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়া গ্যারেথ ডেলানি ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ভারতের হয়ে হর্ষিত রানা ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প থাকবে না ভারতের সামনে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪