| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেইনের ইতিহাস, গ্রুপসেরা হয়ে নকআউটে ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০৫:০৬:১১:পূর্বাহ্ন  |  ৬৬৮ বার পঠিত
কেইনের ইতিহাস, গ্রুপসেরা হয়ে নকআউটে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের দুই গোলে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে থমাস টুখেলের দল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের সামনে বারবার হতাশ হতে হয় ইংলিশদের।

ম্যাচের ৮ মিনিটে প্রথম বড় সুযোগ পায় ইংল্যান্ড। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে মার্কাস রাশফোর্ডের নেওয়া জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক অরল্যান্ডো মস্কুয়েরা। এরপর কর্নার থেকে ফিরে আসা বলে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বুকায়ো সাকা।

১৫ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল পানামাও। তবে শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের হস্তক্ষেপে বিপদ কাটিয়ে ওঠে ইংল্যান্ড।

হাইড্রেশন বিরতির আগে হ্যারি কেইন ও মর্গান রজার্সের বোঝাপড়ায় তৈরি সুযোগ কাজে লাগাতে পারেননি সাকা। ৩৮ মিনিটে বক্সের ভেতরে সাকাকে ফেলে দেওয়ার অভিযোগে পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।

যোগ করা সময়ে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে মার্কাস রাশফোর্ডের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলে গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও সুযোগ নষ্টের ধারাবাহিকতা বজায় থাকে। ৫২ মিনিটে রাশফোর্ডের ক্রস থেকে কেইন গোলের সুযোগ পেলেও পানামার ডিফেন্ডাররা দ্রুত বল ক্লিয়ার করেন। তিন মিনিট পর দ্রুতগতির আক্রমণে রাশফোর্ডের জোরালো শট সাইডনেটে আঘাত হানে।

ইংল্যান্ডের ব্যর্থতার মাঝে ৫৭ মিনিটে প্রায় এগিয়ে যেতে বসেছিল পানামা। হোসে লুইস রদ্রিগেজের দূরপাল্লার শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

অবশেষে ৬২ মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন জুড বেলিংহ্যাম। বুকায়ো সাকার নেওয়া কর্নার থেকে ডিফেন্ডারদের চাপে থেকেও চমৎকার ভলিতে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।

মাত্র পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। বেলিংহ্যামের নিখুঁত ক্রসে শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন কেইন। বিশ্বকাপে এটি ছিল তার ১১তম গোল, যার মাধ্যমে তিনি কিংবদন্তি গ্যারি লিনেকারকে ছাড়িয়ে যান।

ম্যাচের ৮৯ মিনিটে পানামার হোসে ফাখার্দো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ এলের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় ইউরোপের দলটি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪