স্পোর্টস ডেস্ক: জর্ডানের বিপক্ষে ব্যবধান কমে ২-১ হওয়ার পর ম্যাচে নতুন গতি আনতে একসঙ্গে তিনটি পরিবর্তন করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামানো হয় অধিনায়ক লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে।
এই তিন ফুটবলারের জন্য মাঠ ছাড়েন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ এবং তরুণ মিডফিল্ডার নিকো পাজ।
মেসির মাঠে নামার অপেক্ষায় এরই মধ্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকেরা। জর্ডানের গোলের পর যখন ম্যাচে উত্তেজনা বাড়তে শুরু করেছে, ঠিক তখনই দলের সবচেয়ে বড় তারকাকে মাঠে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন স্কালোনি।
বিশেষ করে জর্ডানের হয়ে মুসা আল তামারির গোলের পর আর্জেন্টিনার দুই গোলের লিড কমে ২-১ হওয়ায় ম্যাচে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মেসি ও ম্যাক অ্যালিস্টারের মতো অভিজ্ঞ ফুটবলারদের নামিয়ে মাঝমাঠ ও আক্রমণভাগে ভারসাম্য ফেরানোর কৌশল নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন দেখার বিষয়, মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে আবারও দুই গোলের নিরাপদ ব্যবধানে ফিরিয়ে নিতে পারে কিনা, নাকি জর্ডান আরও একটি চমক উপহার দেয়।
রিপোর্টার্স২৪/বাবি