শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর গাছটি রক্ষা পেয়েছে।
জানা গেছে, সম্প্রতি শতবর্ষী ওই বটগাছটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয়রা। গত ২৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিটি সেভ দ্য ওয়াইল্ডলাইফ অ্যান্ড ন্যাচার (সোয়ান)-এর শেরপুর শাখার নজরে এলে সংগঠনটির সভাপতি মো. নাঈম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রশাসক, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কাছে গাছটি রক্ষার দাবি জানান।
পরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে গাছটি সংরক্ষণের নির্দেশ দেন।
সোয়ানের সদস্য পারভেজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে রাষ্ট্রপ্রধান তারেক রহমান নিজেই সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, সেখানে শতবর্ষী একটি গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান।
রিপোর্টার্স২৪/এসএন