| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ০৬:১৯:০০:পূর্বাহ্ন  |  ১৫১৫ বার পঠিত
একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে দেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং নবম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে—এই লক্ষ্য সামনে রেখেই আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি চলছে। দেশের ফুটবলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে সেগুলো অতিক্রম করেই আমরা বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে চাই।

তিনি জানান, আগামী দেড় থেকে দুই দশকের মধ্যে বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলের মানচিত্রে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াসহ দলের সবাই দেশের ফুটবলকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

উপমহাদেশের ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দল প্রস্তুতি নিচ্ছে। ২০০৩ সালে সর্বশেষ সাফের শিরোপা জয়ের পর দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশ এবার সেই ট্রফি পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তার ভাষায়, বর্তমান জাতীয় দলটি একটি ভারসাম্যপূর্ণ ও ঐক্যবদ্ধ দল। ফলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভালো ফল করার পাশাপাশি শিরোপা জয়ের সম্ভাবনাও উজ্জ্বল।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মো. আমিনুল হক। তিনি জানান, বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের ভাতা দেওয়া হচ্ছে। শিগগিরই আরও ২০০টি ক্রীড়া কার্ড যুক্ত করে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।

এর আগে দুপুরে আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪