| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকসহ রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২৩:২৯:৩৯:অপরাহ্ন  |  ৫৫০ বার পঠিত
মাদকসহ রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিবকে মাদকসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিপন কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে হাসিবুর রহমান হাসিবকে ‘ট্যাপেন্টাডল’ নামের মাদকসহ আটক করা হয়। বর্তমানে তাকে মতিহার থানার হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিষয়টি সম্পর্কে তারা এখনও বিস্তারিত জানেন না। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর মাদকসেবন বা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন। প্রচলিত আইনে তার বিরুদ্ধে তদন্ত হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও যথাযথ ব্যবস্থা নেবে।

এর আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে চাঁদাবাজির ফোনালাপ ফাঁসের ঘটনায় ২০২৪ সালের ১৯ অক্টোবর হাসিবুর রহমান হাসিবকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদল। পরে ২০২৫ সালের ২৫ জুন তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ ওঠে। এছাড়া ক্যাম্পাসে নারী শিক্ষার্থীসহ কয়েকজনকে আটকে চাঁদা দাবির অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল। তবে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ২০২৫ সালেই হাসিবসহ বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল।

চলতি বছরের ২২ এপ্রিল বহিরাগতদের নিয়ে আবু হাসান নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও ওঠে হাসিবের বিরুদ্ধে।

এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের জেরে গত ১১ জুলাই মতিহার থানায় মামলা করেন হাসিবুর রহমান হাসিব। মামলায় তিনি দাবি করেন, তাকে হেয়প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক ও রাবি প্রতিনিধি, সকালের বুলেটিনের সম্পাদক, এনটিভি অনলাইনের সম্পাদক এবং ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগকারী শিক্ষার্থী হাসানকে আসামি করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪