| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৯:৪৩:১১:অপরাহ্ন  |  ৩৫৩ বার পঠিত
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একই মামলায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদের আদালত এ নির্দেশ দেন। আদেশ প্রদানের সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত বছর আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমী। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২১ জুলাই ২০২৫ সালে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে ৪৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আজ সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণ থেকে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪