কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, হাট-বাজারের সুষ্ঠু পরিচালনা এবং সরকারি সম্পত্তি সুরক্ষার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে কালাই পৌরসভার ঐতিহ্যবাহী কালাই হাট।
পৌরসভার অবকাঠামোগত উন্নয়নকাজ নিয়মিত পরিদর্শন করছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শামীম আরা। এ ছাড়া কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও প্রকৌশলী মো. শিহাব উদ্দিনও পরিদর্শনে অংশ নিচ্ছেন।
কালাই পৌরসভার ঐতিহ্যবাহী সাপ্তাহিক কালাই হাট প্রতি শনিবার ও বুধবার বসে। হাটের স্থানে খুচরা বিক্রেতাদের জন্য ১৮টি পাকা শেড নির্মাণ করা হচ্ছে। সেখানে বিদ্যুতের সংযোগ, সুপেয় পানির ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে।
হাটের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে স্থানীয় মেহেবুল ইসলাম তালুকদার ও ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, বৃষ্টি হলে পানি জমে যাওয়ায় হাটনির্ভর মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। এখন পুরো হাটে শেড ও পাকা রাস্তা নির্মাণ হওয়ায় মানুষের দুর্ভোগ কমবে। অন্যদিকে পানির লাইন ও সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা থাকায় ব্যবসায়ীরাও উপকৃত হবেন। এতে কালাই হাটে আসার জন্য ব্যবসায়ীদের আগ্রহ আরও বাড়বে।
কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসারে হাট-বাজারের উন্নয়নের বিকল্প নেই। ক্রেতা-বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাবেচার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কালাই পৌরসভা হাটটির উন্নয়ন করছে। তিনি আরও বলেন, বর্ষাকালে হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের বেচাকেনা করতে অনেক কষ্ট হয়। প্রকল্পের কাজ শেষ হলে সেই ভোগান্তি থাকবে না। এ ছাড়া উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানির ব্যবস্থাও করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন