স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে বোস্টনের মাটিতে এক অবিশ্বাস্য অঘটনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিয়েছে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শেষে দুই দল ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
এটি বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে জার্মানির প্রথম পরাজয়। দীর্ঘদিন ধরে পেনাল্টি শুটআউটে সফলতার যে সুনাম জার্মানদের ছিল, বোস্টনের রাতেই তার ইতি ঘটল। একের পর এক ভুল, লক্ষ্যভ্রষ্ট শট এবং চরম চাপের মধ্যে ভেঙে পড়া জার্মান ফুটবলারদের হতাশা ম্যাচ শেষে স্পষ্ট হয়ে ওঠে।
ম্যাচের ৪২তম মিনিটে জুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর ৫৪ মিনিটে কাই হাভার্টজের হেডে সমতায় ফেরে জার্মানি। এরপর অতিরিক্ত সময়ে জনাথন তাহের একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়ে গেলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে জার্মানির হয়ে কাই হাভার্টজ, নিক উল্টেমাডে ও জনাথন তাহ নিজেদের শট মিস করেন। অন্যদিকে প্যারাগুয়েও দুটি পেনাল্টি নষ্ট করলেও শেষ পর্যন্ত হোসে কানালের সফল শটে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।
বিশ্বকাপে এটিই প্যারাগুয়ের ইতিহাসের অন্যতম সেরা জয়। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এবার আবারও শেষ ষোলোয় জায়গা করে নিল দলটি। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
অন্যদিকে ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর এটি ছিল জার্মানির প্রথম নকআউট ম্যাচ। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবারও শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে গেল প্রত্যাশার অনেক আগেই।
ম্যাচের আগে কোচ জুলিয়ান নাগেলসমানের কৌশল নিয়েও আলোচনা ছিল। ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর জশুয়া কিমিখকে মিডফিল্ডে ফেরানোর দাবি উঠলেও তিনি আগের কেন্দ্রীয় জুটিতেই আস্থা রাখেন। একমাত্র পরিবর্তন হিসেবে আক্রমণভাগে প্রথম একাদশে সুযোগ পান ডেনিজ উন্ডাভ। তবে সেই কৌশলও জার্মানিকে রক্ষা করতে পারেনি।
রিপোর্টার্স২৪/বাবি