রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে সরিষা ইউনিয়নের বাগলী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল। তিনি বলেন, সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়ন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
তিনি আরও বলেন, কসবামাজাইল এলাকায় পূর্বে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও ৫ আগস্টের পর থেকে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রুত এ অঞ্চলে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।
এ সময় তারা প্রধান উপদেষ্টার অর্থ ও পরিকল্পনা বিষয়ক বিশেষ সহকারী ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি