ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের মেসার্স সুগন্ধা ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল ও অকটেন কম দেওয়ার অভিযোগে দুটি জ্বালানি সরবরাহ মেশিন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযোগের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তিগত গাড়ির চালক ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে প্রশাসন ও পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
অভিযানকালে পেট্রোল ও অকটেন সরবরাহকারী দুটি মেশিনে অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মেশিন দুটি সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানটির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগেও জ্বালানি সংকটের সময় একই অভিযোগে সুগন্ধা ফিলিং স্টেশনের বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা ও জরিমানা করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/বাবি