নরসিংদী প্রতিনিধি: “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।
মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত লটকন, অমৃতসাগর কলা, কাঁঠাল, রামবুটান, আমসহ বিভিন্ন পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের বিভিন্ন কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।
একই সঙ্গে আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল স্থান পেয়েছে।
মেলার অংশ হিসেবে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।
রিপোর্টার্স২৪/বাবি