স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে ফ্রান্স। ম্যাচের ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি ফরাসিদের জয় কার্যত নিশ্চিত করে দেয়।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে তিন বা তার বেশি গোল করা প্রথম দল হিসেবে নতুন রেকর্ড গড়েছে ফ্রান্স। দুর্দান্ত এই অর্জনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক এমবাপ্পে, যিনি পুরো ম্যাচজুড়েই সুইডেনের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন।
এর আগে ৭১তম মিনিটে আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। এমবাপ্পে দ্রুতগতিতে রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন মাইকেল অলিসের কাছে। তবে অলিসের শটটি সুইডিশ গোলরক্ষক জ্যাকব জেটারস্ট্রম সরাসরি রুখে দেন।
ম্যাচজুড়ে একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিলেন না অলিসে। তবু তার দুর্দান্ত পারফরম্যান্স ও সৃজনশীলতা ফ্রান্সের আক্রমণভাগকে আরও ধারালো করে তোলে।
তিন গোলের এই ব্যবধানের পর ম্যাচে ফেরার সম্ভাবনা সুইডেনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ফরাসিরা।