| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক

তদন্তে পুলিশ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ০৭:০৪:১৩:পূর্বাহ্ন  |  ৫৭৫ বার পঠিত
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই শিক্ষককে আটক করে মারধর করা হলেও পরে কয়েকজন যুবক চিকিৎসার কথা বলে তাকে সেখান থেকে নিয়ে যান। ঘটনার পর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক মো. মুক্তল হোসেন (৫০) উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বনকোট গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজানীজোড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার সন্তানদের নিয়ে পাশের গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক মুক্তল হোসেন ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা নজরদারি শুরু করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে শিক্ষক মুক্তল হোসেন ওই বাসায় প্রবেশ করলে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় বাসার ভেতরে কেউ নেই বলে জানানো হলেও পরে গ্রামবাসী বাড়িটি ঘিরে ফেলেন। অভিযোগ রয়েছে, সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন।

খবর পেয়ে রাত ১২টার পর দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে উপস্থিত লোকজন পুলিশকে জানান, কয়েকজন যুবক চিকিৎসার জন্য অভিযুক্ত শিক্ষককে হাসপাতালে নিয়ে গেছেন। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানতে পারে, তাকে সেখানে আনা হয়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর থেকে শিক্ষক মুক্তল হোসেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুঁজতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

ওসি আরও জানান, রাতে এক ব্যক্তি ফোন করে দাবি করেন যে, প্রবাসী স্বামীর অনুরোধেই পারিবারিক একটি বিষয় নিয়ে ওই শিক্ষকের সেখানে যাওয়া হয়েছিল। তবে পুরো ঘটনাটি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে, স্থানীয়দের একটি অংশের অভিযোগ, এর আগেও প্রধান শিক্ষক মুক্তল হোসেন বিতর্কিত ঘটনায় আলোচনায় এসেছিলেন। ২০২৩ সালে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে তাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল।

প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত শিক্ষক মুক্তল হোসেনের সন্ধান পায়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪