| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইওরে এসে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন দম্পতি

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ০৭:৪৭:১২:পূর্বাহ্ন  |  ৬৮১ বার পঠিত
নাইওরে এসে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন দম্পতি

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেচ পাম্পের মাধ্যমে পুকুরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কুচিয়ামোড়া বাজার এলাকার আবুল হোসেন চৌকিদারের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা আশা পারভীন (২৫) এবং তার স্বামী সব্দুল শেখ (৪০)। সব্দুল পাবনা সদর উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের সাদেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবারই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে নাইওরে আসেন সব্দুল শেখ। বিকেলে বাড়ির পাশের একটি ছোট পুকুরে মাছ ধরার সিদ্ধান্ত নেন তারা। এজন্য একটি সেচ পাম্প বসিয়ে পুকুরের পানি নিষ্কাশন শুরু করা হয়।

পুকুরের পানি কিছুটা কমে গেলে সব্দুল শেখ ও তার স্ত্রী আশা পারভীন মাছ ধরার জন্য পানিতে নামেন। এ সময় সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে পুরো পুকুর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই দুজনের মৃত্যু হয়।

হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, একই ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪