স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনার মধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানিয়েছে, স্বাগতিক যুক্তরাষ্ট্র যদি এবারের বিশ্বকাপে শিরোপা জিততে পারে, তাহলে বিজয়ী দলের ব্যবহৃত একটি অফিসিয়াল ফুটবল চাঁদে পাঠানো হবে।
ফরাসি সংবাদপত্র লেকিপ ও বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক অনুষ্ঠানে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এগিয়ে যাও আমেরিকান দল, তোমরাই করে দেখাও।
তিনি জানান, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে সেই ঐতিহাসিক সাফল্য স্মরণীয় করে রাখতে একটি অফিসিয়াল ফুটবল রোবটিক চন্দ্র মিশনের মাধ্যমে চাঁদে পাঠানো হবে। ফুটবলটির সঙ্গে বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও বহন করা হবে।
নাসার চন্দ্রাভিযান কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা প্রযুক্তিগতভাবে সম্ভব। তার ভাষায়, ফুটবলটি খুবই হালকা, তাই এর ওজন বা জায়গা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
জানা গেছে, ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও এই ধরনের প্রতীকী উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে নাসা। একই সঙ্গে এটি মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ বলেও মনে করা হচ্ছে।
এর আগে বিশ্বকাপ উপলক্ষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি অফিসিয়াল ফিফা ফুটবল পাঠিয়েছিল নাসা। এবার যুক্তরাষ্ট্র বিশ্বচ্যাম্পিয়ন হলে সেই সাফল্যের স্মারক হিসেবে একটি ফুটবলকে পৃথিবীর গণ্ডি পেরিয়ে সরাসরি চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা করছে সংস্থাটি।
এদিকে গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্সের পর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র কতদূর এগোতে পারে এবং নাসার এই ব্যতিক্রমী স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয় কি না।
রিপোর্টার্স২৪/বাবি