রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাত জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স/এসএন