বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় জুন মাসের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ১৭৯ জন উপকারভোগী নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দরিদ্র পরিবারগুলো।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে চলে এ বিতরণ কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন নওমালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-২) মোছাঃ শেফালী আফরোজা, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব মুন্সী এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খান মেজবাহ উদ্দিন। এছাড়া ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, দফাদার ও চৌকিদাররা সার্বিক সহযোগিতা করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খান মেজবাহ উদ্দিন বলেন, "২০২৫-২০২৬ চক্রের জুন মাসের বরাদ্দ আমরা আজ সুষ্ঠুভাবে বিতরণ করেছি। আমাদের ইউনিয়নে ভিডব্লিউবি উপকারভোগী ১৭৯ জন। প্রত্যেকে নির্ধারিত ৩০ কেজি করে চাল বুঝে পেয়েছেন। পুরো কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।
চাল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। ৯নং ওয়ার্ডের সোনিয়া আক্তার বলেন, "ঘরে একমুঠো চাল ছিল না। ৩০ কেজি চাল পেয়ে এ মাসের চিন্তা দূর হলো। ছেলেমেয়ে নিয়ে এখন ডাল-ভাত খেয়ে দিন পার করতে পারব।
আরেক উপকারভোগী নাসরিন আক্তার বলেন, "প্রতিমাসে এই ৩০ কেজি চাল দিয়েই সংসার চলে। এটা না পেলে সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হতো। চেয়ারম্যান-মেম্বাররা আমাদের খোঁজ রাখেন। সরকারকে ধন্যবাদ।
উল্লেখ্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
রিপোর্টার্স/এসএন