| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি এখনও সংসদ সদস্য আছি---রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২১:৫৫:৫৬:অপরাহ্ন  |  ৬৯৮ বার পঠিত
আমি এখনও সংসদ সদস্য আছি---রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে ফিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, ‘আমি এখনও সংসদ সদস্য আছি, সেটি ভুলে যাবেন না। তৃণমূলের ভাইদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

বুধবার (১ জুলাই) বিকেলে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রিত্ব ছাড়ার পর এটিই ছিল নেতাকর্মীদের সামনে তার প্রথম সরাসরি উপস্থিতি।

ঢাকা থেকে সড়কপথে রাঙ্গামাটিতে পৌঁছানোর পথে কাউখালীর বেতবুনিয়ার গোদারপাড়, ঘাগড়া এবং শহরের প্রবেশমুখ মানিকছড়িসহ বিভিন্ন স্থানে শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে বিকেল ৪টার দিকে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান।

সভায় দীপেন দেওয়ান বলেন, তৃণমূলই বিএনপির শক্তি ও প্রাণ। তিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। একই সঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশই দলের জন্য সর্বোচ্চ নির্দেশনা।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং কেউ যেন এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, আগামী দিনে প্রতিটি উপজেলায় সফর করবেন এবং সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি বরাদ্দের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন।

সভায় আরও বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।

উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। দায়িত্ব গ্রহণের ১০২ দিনের মাথায় তার এই পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরে তাকে পুনর্বহালের দাবিতে কর্মী-সমর্থক ও বিভিন্ন সামাজিক-নাগরিক সংগঠন আন্দোলন করলেও তিনি ঢাকায় অবস্থান করেন এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪