| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ২২:৫০:০৯:অপরাহ্ন  |  ২৬৮৬ বার পঠিত
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

চট্টগ্রাম প্রতিনিধি: সারাদেশের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পাবলিক পরীক্ষা শুরু হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এসব পরীক্ষার্থী ২৮৩টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছেন।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভৌগোলিক বৈচিত্র্য এবং পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয় বিবেচনায় রেখে পার্বত্য ও উপকূলীয় জেলাগুলোতে বিশেষ প্রশাসনিক সমন্বয় করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন কেন্দ্র সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষা বোর্ডের পরিদর্শকরা।

পরিসংখ্যান অনুযায়ী, এবারও সবচেয়ে বেশি পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে। এ বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ২৩৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন, বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

জেলা ও মহানগরভিত্তিক তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ৭০ হাজার ৯৭৪ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে রয়েছে ৩৬ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী। মহানগরীর ২৬টি এবং জেলার ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটির ১০টি কেন্দ্রে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানের ৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

লিখিত পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, প্রশ্নপত্রের নিরাপত্তা, উত্তরপত্র সংরক্ষণ এবং কেন্দ্রভিত্তিক তদারকিতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সব কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে এবং যানজট এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে।

সিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত সীমানার মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের সামনে অপ্রয়োজনীয় ভিড়, মাইক ব্যবহার কিংবা উচ্চ শব্দ সৃষ্টি থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪