শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার (২ জুলাই) শ্রীপুর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও সহায়তা বিতরণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে কৃষি স্প্রে মেশিন, সেলাই মেশিন ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। একই অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া উপজেলা কৃষি অফিস আয়োজিত ফলজ বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে সার, বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
পরে দুপুরে উপজেলার হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গোলবার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। দিনশেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/বাবি