স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি-এর সম্মানে মৌসুমি ফল উপহার হিসেবে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়। উপহারসামগ্রী গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচারক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মৌসুমি ফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার সরকারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বেগম খালেদা জিয়া কাতার আমিরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে, গত ২৩ জুন ২০২৫, ঢাকা বিমানবন্দর থেকে ফলসামগ্রী পাঠানোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
রিপোর্টার্স২৪/আরএইচ