কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় অভিমান করার পর আব্দুল্লাহ (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের সৌদি প্রবাসী লাল মিয়ার ছেলে এবং স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে গেম খেলার জন্য মায়ের কাছে মোবাইল ফোন চায় আব্দুল্লাহ। ফোন না দেওয়ায় সে অভিমান করে। পরে ঘরের জানালার গ্রিলের সঙ্গে কাপড় জড়িয়ে গলায় পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা জানান, আব্দুল্লাহ শান্ত ও মেধাবী শিক্ষার্থী ছিল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টার্স২৪/বাবি