নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সামনে পড়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ, এসব নেতার প্রতিদ্বন্দ্বী আসনগুলোতে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রভাবশালী হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন প্রায় নিশ্চিত। বিশ্লেষকদের মতে, জনসমর্থনের জোয়ার তুলতে ব্যর্থ হলে এনসিপির জন্য ফলাফল হতে পারে হতাশাজনক।
নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও, বিচার ও সংস্কার প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে দলগুলো নির্বাচনি প্রস্তুতি জোরদার করেছে, প্রার্থীতার বিষয়েও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এনসিপির নেতারাও নিজ নিজ এলাকায় প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।
শীর্ষ নেতারা যেসব আসনে লড়বেন
সূত্র জানায়, এনসিপির ১০ জন শীর্ষ নেতা বিভিন্ন আসনে নির্বাচন করতে পারেন। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), সামান্তা শারমিন (ভোলা-১), আরিফুল ইসলাম আদীব (ঢাকা-১৪), সারোয়ার তুষার (নরসিংদী-২), ডা. তাসনিম জারা (ঢাকা-১৭), সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), নাসীরুদ্দীন পাটওয়ারী (চাঁদপুর-৫) এবং আবদুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬)।
প্রতিটি আসনেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন বিএনপি ও জামায়াতের জনপ্রিয় এবং প্রভাবশালী নেতারা। ঢাকা-১১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এমএ কাইয়ুম, রংপুর-৪-এ এমদাদুল হক ভরসা, নরসিংদী-২-তে ড. আব্দুল মঈন খান এবং পঞ্চগড়-১-এ ব্যারিস্টার নওশাদ জমিরের নাম আলোচনায় রয়েছে।
| সম্ভাব্য আসন | এনসিপি প্রার্থী | বিএনপির হেভিওয়েট প্রার্থী | জামায়াতের প্রার্থী |
| ঢাকা-১১ | নাহিদ ইসলাম | ড. এমএ কাইয়ুম | অ্যাডভোকেট আতিকুর রহমান |
| রংপুর-৪ | আখতার হোসেন | এমদাদুল হক ভরসা | এটিএম আজম খান |
| ভোলা-১ | সামান্তা শারমিন | হায়দার আলী লেলিন / আলমগীর | অধ্যক্ষ নজরুল ইসলাম |
| ঢাকা-১৪ | আরিফুল ইসলাম আদীব | মাহদী আমিন | ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম |
| নরসিংদী-২ | সারোয়ার তুষার | ড. আব্দুল মঈন খান | আমজাদ হোসাইন |
| ঢাকা-১৭ | ডা. তাসনিম জারা | (মনোনয়নে চমক সম্ভাব্য) | ডা. এসএম খালিদুজ্জামান |
| পঞ্চগড়-১ | সারজিস আলম | ব্যারিস্টার নওশাদ জমির | অধ্যাপক ইকবাল হোসেন |
| কুমিল্লা-৪ | হাসনাত আবদুল্লাহ | মঞ্জুরুল আহসান মুন্সী / তারেক মুন্সী / এমএ আউয়াল | সাইফুল ইসলাম |
| চাঁদপুর-৫ | নাসীরুদ্দীন পাটওয়ারী | ইঞ্জিনিয়ার মমিনুল হক | অধ্যাপক আবুল হোসাইন |
| নোয়াখালী-৬ | আবদুল হান্নান মাসউদ | প্রকৌশলী ফজলুল হক আজিম | অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক |
রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “এনসিপির সম্ভাবনা প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি বা জনপ্রিয়তার চেয়ে দলগত অবস্থান এবং নতুন রাজনীতির ভাষ্য তৈরির ওপর নির্ভর করবে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “দলের প্রার্থীদের বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ উঠলে এবং তার সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়বে। জোট গঠন করলেও তা সফলতার নিশ্চয়তা নয়, কারণ বিদ্রোহী প্রার্থীদের অবস্থানও ফলাফলকে প্রভাবিত করতে পারে।”
চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়
এনসিপির অনেক নেতাই এখনো চূড়ান্তভাবে প্রার্থী হননি। দলীয়ভাবে বিচার ও সংস্কার প্রক্রিয়ার ফলাফলের পরই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “মানুষের সঙ্গে আমাদের একটা সংযোগ হয়েছে। যদি মানুষ চায়, আশা থাকতেই পারে। তবে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য নির্বাচন একটি বড় পরীক্ষা হতে চলেছে। মাঠের বাস্তবতা, জনসম্পৃক্ততা এবং প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তির ওপরই নির্ভর করবে এই পরীক্ষার ফলাফল। শেষ কথা বলবে ভোটাররাই।
.
রিপোর্টার্স২৪/এস