গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ওই ফলাফল ঘোষণা করেন।
এ সময় প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, প্রায় এক যুগ পরে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন (পাস মার্ক ৩৫% ধরে) ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের হার ৮২.২শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের উপরে মার্ক পেয়েছেন এবং বাকী ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে মার্ক পেয়েছেন।
তিনি আরো বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরএইচ