গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজারে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীর ব্যানারে আশার আলো বিদ্যাপীঠ সংলগ্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতশত শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করে৷ এ সময় বিচারের দাবিতে শ্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে চারিদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্ৰামের মৃত মোন্তাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া শিশু শিক্ষার্থীকে পাউরুটি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুটি বেকারীর কারখানায় নিয়ে যায়। এরপর জোর পূর্বক ঐ শিশু শিক্ষার্থীকে মাটিতে শুইয়ে বলাৎকার করে। শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বলাৎকারী পালিয়ে যায়। এরপর স্থানীয় ও পরিবারের লোকজন শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু শিক্ষার্থীকে গাইবান্ধা সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সদর হাসপাতালে ঐ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর শিশুটির দিনমজুর বাবা উজ্জ্বল মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ রিপোর্ট করা পর্যন্ত এখনো কোন মামলা হয়নি থানায়।তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজ্জাক মিয়া পলাতক রয়েছেন।
আশার আলো বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, এমন ঘটনার পর শিশুরা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। আজকে এক শিক্ষার্থী বলাৎকার হয়েছে ,আগামীতে আমার আপনার ছেলেমেয়েরাও হতে পারে। তাই আমাদের সকলের দাবি বলাৎকারকারীর উপযুক্ত বিচার হওয়া। প্রশাসনের উচিত দ্রুত বলাৎকারকারীকে গ্ৰেপ্তার করে শাস্তির আওতায় আনা।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, একটি অভিযোগ পেয়েছি। বাদীকে তার জাতীয় পরিচয়পত্র আনার জন্য বলা হয়েছে। তদন্ত করে মামলা রেকর্ড করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব