| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু, মাহুত আটক

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০৩:৪৫:৩৪:পূর্বাহ্ন  |  ৩৬৪ বার পঠিত
ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু, মাহুত আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে সড়কে যানবাহন থেকে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আরিশা জান্নাত নামে ১০ মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাতির মাহুতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, অসুস্থ শিশু আরিশাকে চিকিৎসকের কাছে দেখাতে সকালে অটোরিকশায় করে সদরপুর হাসপাতালে যাচ্ছিলেন তার মা। অটোরিকশাটি আটরশি এলাকায় পৌঁছালে সড়কে একটি হাতি নিয়ে বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিলেন এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অটোরিকশাটি হাতিটির সামনে পৌঁছালে টাকা নেওয়ার জন্য হাতিটি শুঁড় উঁচিয়ে এগিয়ে আসে। একপর্যায়ে হাতিটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কে উল্টে যায়।

এ সময় মায়ের সঙ্গে থাকা শিশু আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে হাতিসহ আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আটক বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, ‘ঘটনায় জড়িত হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪