রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দলীয় শৃঙ্খলা ও নীতি লঙ্ঘনকারীদের কোনো জায়গা নেই বিএনপিতে। তিনি বলেন, "আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছ থেকে—যারা চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়মে জড়াবে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।"
শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আযম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো হঠকারী বা সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্র, শৃঙ্খলা ও জনতার অংশগ্রহণে পরিচালিত একটি রাজনীতি চাই। বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে।
তিনি আরও বলেন, “গত ১৫ বছরের রক্তাক্ত আন্দোলনের ফসলই ছিল গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক শক্তির সক্রিয় অংশগ্রহণে আমরা সফল হয়েছি। সেই স্মৃতিকে চিরদিন স্মরণে রাখতে এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে ৩৬ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”
সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের অতীতের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে একটি উদার, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে সংস্কার অপরিহার্য। নির্বাচন, বিচার ও সংস্কার—তিনটি ধারাই চলমান থাকবে। দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের সন্ধিক্ষণে।
তিনি আরও যোগ করেন, “আমরা চাই একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাক। সেই সরকারের মাধ্যমেই চলমান সংস্কার ও ফ্যাসিবাদের বিচার হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম