ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইমিটেশন গয়না ও কসমেটিকস জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) ও রোববার (১০ মে) মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে ৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে রাতে রাজাপুর বিওপির একটি টহল দল মানিকপুর গ্রামের একটি পেয়ারা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া ১১ মে রাত ১২টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির সদস্যরা মাইলবাড়িয়া গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে আরও ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
একই সময়ে খোসালপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন গয়না ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করে।
অন্যদিকে, গত ১০ মে বিকেলে কুসুমপুর বিওপির সদস্যরা পিপুলবাড়িয়া গ্রামের একটি আমবাগান থেকে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেন। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
আটক পুরুষের নাম মো. আল আমিন (২১)। তিনি খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি