| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কে ডাকাতির চেষ্টা: ধাওয়া করে ২ ভুয়া পুলিশকে আটক করলেন কাভার্ডভ্যান চালক

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৮:২০:৩০:অপরাহ্ন  |  ১১৯২ বার পঠিত
ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কে ডাকাতির চেষ্টা: ধাওয়া করে ২ ভুয়া পুলিশকে আটক করলেন কাভার্ডভ্যান চালক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কে ওষুধবাহী একটি কাভার্ডভ্যানে ডাকাতির চেষ্টার অভিযোগে ভুয়া পুলিশ পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভুল্লী থানার কুমারপুর এলাকায় ভুল্লী ডিগ্রি কলেজ গেটসংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্তদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার হেলাল হোসেন (৪৬) এবং রামের ডাঙ্গা এলাকার জাকিরুল ইসলাম (৩৪)। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাভার্ডভ্যান চালক মো. নাজমুল ইসলাম বাদী হয়ে ভুল্লী থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঞ্চগড়ে ওষুধ সরবরাহ শেষে দিনাজপুরের উদ্দেশে ফিরছিলেন চালক নাজমুল ইসলাম ও তাঁর সহকর্মীরা। ভুল্লী ডিগ্রি কলেজ গেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামানোর সংকেত দেন। কাভার্ডভ্যান থামানোর পর তল্লাশির কথা বলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় চালক ও তাঁর সহকর্মীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করলে অভিযুক্তরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যান ঘুরিয়ে তাঁদের ধাওয়া করেন চালক নাজমুল ইসলাম। একপর্যায়ে পয়সাফেলা বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় দুই অভিযুক্তকে আটক করা হয়।

আটকের পর উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দিলে খবর পেয়ে ভুল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে পুলিশ প্রহরায় তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহাসড়কে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪