ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী কৃষ্টপুর এলাকায় একটি ধানচাতালে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ধানচাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফুল ইসলাম (৩৩), মিশু ইসলাম (৩৫) ও ময়নুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে মোট ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ