নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় অবস্থিত আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ছিল। সর্বশেষ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মঙ্গলবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত শফিউল আলম দিপুর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব