| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল বিএনপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:৩১:২০:পূর্বাহ্ন  |  ১৩৬১ বার পঠিত
কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল বিএনপি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ১৮ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া জুলাইয়ে নিহত জাকির হোসেন ও এম এ হোসেনের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী প্রভাষক শামীমা চৌধুরী সিমুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তকে ‘জুলাই চত্বর’ ঘোষণা এবং সেখানে একটি ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল বৈষম্যহীন সমাজ ও মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন। তিনি দাবি করেন, আন্দোলনের ওপর দমন-পীড়নের ফলে তা সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে সফল হয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের চেতনা ধরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে তিনি ‘জুলাই চত্বর’ ঘোষণার বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানানো হবে বলেও উল্লেখ করেন। এছাড়া সাংবাদিক পরিচয়ে আন্দোলনের বিরোধিতা করেছেন—এমন অভিযোগে সংশ্লিষ্টদের বিষয়ে সাংবাদিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪