| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত ১৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১০:৪৩:৪৩:পূর্বাহ্ন  |  ৬১ বার পঠিত
নোয়াখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদরাসা কর্তৃপক্ষের দাবি, খেলা পরিচালনা ও রেফারিং নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। তাদের অভিযোগ, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে গণিতের শিক্ষককে দিয়ে ম্যাচ পরিচালনা করা হলে তারা প্রতিবাদ জানান। এরপর লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে বেগমগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. ইব্রাহীম, সহকারী শিক্ষক মো. আলতাফ হোসেন, চতুর্থ শ্রেণির কর্মচারী রতন চন্দ্র দে এবং শিক্ষার্থী উদয়।

অন্যদিকে, লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হলেও এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্ত করছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এদিকে, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনার পর প্রশাসনের প্রাথমিক তদন্তে গুরুতর সংঘর্ষ বা আহত হওয়ার তথ্য মেলেনি। তাঁর ভাষ্য, মাঠে ছোটখাটো একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪