| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়: বাগেরহাটে ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১২:৫৮:১১:অপরাহ্ন  |  ৬৫ বার পঠিত
গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়: বাগেরহাটে ডা. শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড, দমন-পীড়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, “মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

বিদ্যুৎ খাতের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, জনগণ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ‘ভূতুড়ে বিলের’ কারণে ভোগান্তিতে পড়ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি দাবি করেন, এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না। এখনও স্বাধীন আছে বলে আমি মনে করি না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে।”

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪