| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই দিয়ে তৈরি তরুণীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৬:২৭:৫২:পূর্বাহ্ন  |  ১১১৮ বার পঠিত
এআই দিয়ে তৈরি তরুণীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই তরুণী ও তাঁর স্বজনদের এসিড হামলা ও হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তরুণীর মা মোছা.পারভীন রোববার ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকালই ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫(২) ও ২৭ ধারায় মামলা হয়েছে। মামলায় মো. ইকবাল হোসেন ওরফে সোনা মিয়াকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ইকবালের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে ইকবাল তাঁর কিছু ছবি সংগ্রহ করেন। পরে ওই তরুণী যোগাযোগ বন্ধ করে দিয়ে অন্যত্র বিয়ে করেন।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর ইকবাল ওই তরুণীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল নম্বর ব্যবহার করে তাঁর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিতে থাকেন। পাশাপাশি তরুণীর আত্মীয়স্বজনদের ফোন করে তাঁকে এসিড মেরে চেহারা বিকৃত করা এবং রাস্তায় পেলে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ইকবাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে ওই তরুণীর ছবি আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি-ভিডিওতে রূপান্তর করেন। পরে সেগুলো বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইট এবং তরুণীর আত্মীয়স্বজনের ইমো ও হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, গত মঙ্গলবার ৪ আগস্ট ইকবাল তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বলেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা পুলিশে গেলে রাস্তায় পেলে এসিড মেরে মুখ পুড়িয়ে দেওয়া হবে এবং প্রাণে মেরে ফেলা হবে। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে একই বিষয়ে গত বছরের ১৫ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। অভিযোগকারী বলেন, জিডি করার পরও ওই ব্যক্তির কর্মকাণ্ড বন্ধ হয়নি। পরে নতুন করে থানায় অভিযোগ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে মামলা হিসেবে নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর থানায় করা মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫(২) ও ২৭ ধারায় রুজু হয়েছে। মামলার আসামি মো. ইকবাল হোসেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪