| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়িতে ঢুকে মা-মেয়েকে মারধর, স্বর্ণালংকার-টাকা লুটের মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৯:৫৩:৪২:অপরাহ্ন  |  ২৯৪ বার পঠিত
বাড়িতে ঢুকে মা-মেয়েকে মারধর, স্বর্ণালংকার-টাকা লুটের মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে এক নারী ও তাঁর ১০ বছরের মেয়েকে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) হরিপুর থানায় মামলাটি করেন রুমা আক্তার (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রুমা আক্তারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়, গত শনিবার সকাল নয়টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে রুমা আক্তারের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় ঘরের শোকেসের ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা এবং প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রুমা আক্তার বাধা দিলে আসামিরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে একজন আসামি বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন বলে এজাহারে বলা হয়েছে। এ ছাড়া একজন আসামি তাঁর পরনের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

মাকে মারধর করতে দেখে ১০ বছরের মেয়ে হুমায়রা আক্তার এগিয়ে এলে এক আসামি তাকে লাথি মারেন। এতে সে বারান্দার সিমেন্টের পিলারের সঙ্গে আঘাত পেয়ে মাথায় জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে আসামিরা রুমা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। গুরুতর আহত রুমা ও তাঁর মেয়েকে পরে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

হরিপুর থানার পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪